বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ সংশ্লিষ্ট এক উচ্চপদস্থ কূটনীতিক মোহাম্মদ সাফা ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে সব ধরনের দাপ্তরিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
রোববার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। প্রায় ১২ বছর ধরে জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশন (পিভিএ)-এর স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
পদত্যাগপত্রে সাফা দাবি করেন, ইরানকে ঘিরে একটি বৃহৎ যুদ্ধ পরিস্থিতি তৈরির পরিকল্পনা চলছে এবং এর অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, “মানবতার বিরুদ্ধে এমন অপরাধের সাক্ষী হয়ে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়।”
তিনি আরও অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষ নেতৃত্ব একটি শক্তিশালী লবির প্রভাবে ভিন্নমত দমন করছে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।
সাফার মতে, সাধারণ মানুষ এখনো পরিস্থিতির ভয়াবহতা পুরোপুরি উপলব্ধি করতে পারছে না। তার দাবি, আন্তর্জাতিক পর্যায়ে ইরানকে একটি ‘তাৎক্ষণিক হুমকি’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা একটি বৃহত্তর সংঘাত উসকে দিতে পারে।
তেহরানের মতো ঘনবসতিপূর্ণ শহরে সম্ভাব্য হামলার ভয়াবহতা তুলে ধরে তিনি সতর্ক করে বলেন, এতে কোটি মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে।
নিজের পদত্যাগকে ‘হুইসেলব্লোয়িং’ হিসেবে উল্লেখ করে সাফা বলেন, এই তথ্য প্রকাশের জন্যই তিনি তার কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি ‘নিউক্লিয়ার উইন্টার’ ঠেকাতে বিশ্ববাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।
২০১৩ সাল থেকে পিভিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সাফা জানান, জাতিসংঘের কাঠামোগত সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি আর দায়িত্বে ফিরবেন না।
এদিকে, ইরানের বিরুদ্ধে পারমাণবিক হুমকির অভিযোগকে ‘মিসইনফরমেশন’ বলেও দাবি করেছেন তিনি এবং এ ধরনের প্রচারণা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।