পারভেজ বাঙালী,্চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বালানি তেল অবৈধ উপায়ে মজুত রাখার দায়ে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ভাটিয়ারী ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখা, অপচয় রোধ, অবৈধ মজুতদারি বন্ধ এবং চোরাচালান রোধে শুক্রবার থেকেই উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মনিটরিং কার্যক্রম শুরু হয়। শনিবার বিকেলে ভাটিয়ারী ফিলিং স্টেশনের মজুত সংক্রান্ত সরকারি তথ্য যাচাইকালে দেখা যায়, কাগজে-কলমে থাকা তথ্যের সাথে বাস্তব মজুতের বড় ধরনের গড়মিল রয়েছে। তথ্য গোপন করে এভাবে তেল মজুত রাখার দায়ে মোবাইল কোর্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম জানান, কেউ যেন জ্বালানি তেলের চাহিদাকে পুঁজি করে কোনো ধরনের অনিয়ম করতে না পারে, সেজন্য নিয়মিতভাবে ফিলিং স্টেশনসমূহ মনিটরিং করা হচ্ছে। তদারকি আরও জোরদার করতে সীতাকুণ্ডের প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।