নিজস্ব প্রতিবেদক : খুলনা–৫ (ফুলতলা–ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত বিজয়ের হাসি ফুটেছে বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)-র মুখে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উল্লেখযোগ্য ভোট পেলেও অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আলি আসগার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৭০২।
মোট ১৫০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে নিবন্ধিত ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খুলনা–৫ আসনের এই ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। অল্প ব্যবধানের এই লড়াই ভবিষ্যতে দলীয় সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা আরও জোরদারের ইঙ্গিত দিচ্ছে।