1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ

সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তিন দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

১৪ ও ১৫ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দিতে প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড সফর।

সফরকালে বুধবার (১৪ জুন) প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি সাক্ষাৎ করবেন। পরে প্যালাইস ডি নেশনসে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। সাক্ষাতের পর সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এরপর বিকেলে প্যালাইস ডি নেশনসে ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারিতে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া একইদিনে শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেলার এবং আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করবেন। পরে সন্ধ্যায় আইএলও এর সদর দপ্তরে উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের জন্য ডিজি কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে যোগ দিবেন প্রধানমন্ত্রী।

সফরের পরদিন (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) অফিসে ডাব্লিউইএফ’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠক করে ‘এ টক অ্যাট দ্য ডাব্লিউইএফ’-এ যোগ দেবেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সন্ধ্যায় ডাব্লিউটিও মহাপরিচালক ড. ওকোনজো-আইওয়ালা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। পরে একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন।

শেখ হাসিনা স্থানীয় সময় ১৬ জুন সকাল ১১টায় ঢাকার উদ্দেশে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ১৭ জুন তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com