নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত ১১৪ জন অজ্ঞাত শহীদের গণকবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পুনর্গঠিত কেন্দ্রীয় কাঠামোয় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জুলাই মঞ্চ। শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংগঠনটির নেতারা।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আত্মপ্রকাশ করে জুলাই মঞ্চ। গণহত্যার বিচার, গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধকরণ এবং রাষ্ট্রযন্ত্র থেকে স্বৈরাচারের সহযোগী ও অভিযুক্ত আমলাদের অপসারণ—এই তিন দফা দাবিকে সামনে রেখে শুরু হয় তাদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি।
প্রতিষ্ঠালগ্ন থেকেই জুলাই মঞ্চ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শহীদি মার্চ, আশুলিয়ায় শহীদদের মরদেহ পোড়ানোর ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযুক্ত সদস্যদের বিচারের দাবি, র্যাব সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং গণহত্যার বিচারের দাবিতে ট্রাইব্যুনাল ঘেরাওসহ একাধিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ, রাষ্ট্রপতির অপসারণ, বিচার বিভাগ ও প্রশাসন থেকে দুর্নীতিবাজ ও দমন-পীড়নের সঙ্গে জড়িতদের অপসারণের দাবিতেও আন্দোলনের উদ্যোক্তা প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
জুলাই মঞ্চের নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী নতুন নির্বাচিত সরকারের কাছে তারা একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ প্রত্যাশা করেন। প্রতিষ্ঠাকালীন তিন দফা দাবির বাস্তবায়নই এখন তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তারা স্পষ্টভাবে ঘোষণা দেন—নতুন বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসবাদ বরদাশত করা হবে না; সরকার যেই হোক না কেন, জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জুলাই মঞ্চ সোচ্চার থাকবে।
সংগঠনটির পুনর্গঠিত কাঠামোয় সকল রাজনৈতিক দল, মত ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়। “ভিন্ন দল, ভিন্ন মত—দেশের প্রশ্নে ঐক্যমত” স্লোগানকে ধারণ করে সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন অবস্থানে থাকার শপথ নেয় জুলাই মঞ্চ।
উল্লেখ্য, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম তালুকদারকে আহ্বায়ক এবং সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব হোসেনকে সদস্য সচিব করে জুলাই মঞ্চের কেন্দ্রীয় কাঠামো পুনর্গঠন করা হয়েছে। সংগঠনটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।