বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,ঢাকা, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) : হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রেক্ষাপটে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে ইরান। আহতদের দ্রুত সুস্থতা কামনাও জানানো হয়।
ইরান দূতাবাস জানায়, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
চলতি সপ্তাহে তুরস্কের আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে দূতাবাস জানায়, এ ধরনের উচ্চপর্যায়ের সংলাপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে।
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানেরও প্রশংসা করেছে ইরান।
এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ সরকারের শোকবার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংসদে এ বিষয়ে শোকপ্রস্তাব গৃহীত হওয়াকে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকেও সাধুবাদ জানায় দূতাবাস।
বিবৃতিতে আরও বলা হয়, আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তবে সাম্প্রতিক কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান সম্পর্কিত বক্তব্যের আংশিক ও নির্বাচিত প্রচারে অসন্তোষ প্রকাশ করেছে দূতাবাস। এসব কর্মকাণ্ড দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।
সবশেষে, বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।