আইনি জটিলতায় ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন আটকে, সাংবাদিক সুরক্ষায় একাধিক উদ্যোগ সরকারের
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : খুব শিগগিরই দশম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজবোর্ড গেজেট আকারে প্রকাশিত হলেও সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর সংক্রান্ত মতবিরোধের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ বিষয়ে একাধিক মামলা চলমান থাকায় বাস্তবায়ন প্রক্রিয়া এখনও বাধাগ্রস্ত।
তিনি আরও জানান, বর্তমানে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন সংক্রান্ত ৬টি রিট বা সিভিল পিটিশন আদালতে বিচারাধীন রয়েছে। এসব আইনি জটিলতা নিরসনের পাশাপাশি দশম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল’ গঠন করেছে বলেও জানান তথ্যমন্ত্রী। এর মাধ্যমে হুমকি, হামলা ও ডিজিটাল হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে।
ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ ও প্রকৃত সাংবাদিকদের সনাক্ত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি পূর্ণাঙ্গ অনলাইন ডাটাবেজ তৈরির কাজ করছে। এতে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত তথ্য সংরক্ষণ করা হবে।
এছাড়া ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করার কাজও চলমান রয়েছে বলে জানান তিনি।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, অসুস্থ ও কর্মক্ষমতা হারানো সাংবাদিকদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫–২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১,১১০ জন সাংবাদিক ও তাদের পরিবার অনুদান পেয়েছে।
পাশাপাশি সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে এবং ২০২৬ সালের রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারকে ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।
টেলিভিশন সম্প্রচার পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দেশে বর্তমানে ৪টি সরকারি টিভি চ্যানেল রয়েছে। অনুমোদিত ৫৫টি বেসরকারি চ্যানেলের মধ্যে ৩৭টি সম্প্রচারে রয়েছে এবং নতুন কোনো টিভি চ্যানেলের অনুমোদন এখনো প্রক্রিয়াধীন নয়।