ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী; সংসদে একমাত্র মনোনয়নেই নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা, ১২ মার্চ: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন জমা পড়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। তিনি এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন বলেও জানান সভাপতি।
পরে সভাপতি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করলে সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন। এতে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন।
নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ও পেশাগত জীবন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদক বীর বিক্রম লাভ করেন। এক সময় তিনি তৎকালীন পাকিস্তান ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং ১৯৬৪ সাল থেকে টানা তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে স্বীকৃতি পান।
রাজনৈতিক জীবনে তিনি ভোলা-৩ আসন থেকে প্রথমে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদ পতনের পর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। পরে ১৯৯২ সালে তিনি বিএনপিতে যোগ দেন।
পরবর্তীতে ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। খালেদা জিয়ার সরকারের সময় তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী এই বর্ষীয়ান রাজনীতিবিদ বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ৮১ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করছেন।