তেহরান/ওয়াশিংটন, রোববার নিউজ ডেস্ক রিপোর্ট :
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনির মৃত্যুর ইঙ্গিত দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সরাসরি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানের সুপ্রিম লিডার নিহত হয়েছেন।
ট্রাম্প তার পোস্টে বলেন, “ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। উন্নত গোয়েন্দা নজরদারি ও নির্ভুল হামলার মাধ্যমে এই অভিযান সফল হয়েছে।”
প্রাসাদে ভয়াবহ বিমান হামলা
শনিবার গভীর রাতে তেহরানে অবস্থিত খামেনির সরকারি প্রাসাদ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ বিমান হামলা চালায় বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে। হামলায় প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর একটি অংশ যুদ্ধ চালিয়ে যেতে অনাগ্রহ দেখাচ্ছে এবং নিরাপত্তা নিশ্চয়তা চাইছে।
ইরানে অনিশ্চয়তা, বিশ্বজুড়ে উদ্বেগ
খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হলে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের ক্ষমতার কাঠামোয় এটি সবচেয়ে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে তেহরানসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।