নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ওই দিন রাতেই আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, খুব শিগগিরই সরকারপ্রধান নিজেই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন।
সরকার হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি এবারের হজ ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন ধর্মমন্ত্রী।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালনে অংশ নেবেন, যার প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে।