📌 নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খুলতে যাচ্ছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুত্রজায়ায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ ঘোষণা দেন মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতশ্রী রামানন রামকৃষ্ণন এবং বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
যৌথ বিবৃতিতে জানানো হয়, চাহিদার ভিত্তিতে দ্রুত বাংলাদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—শ্রমিকদের অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ, কর্মীদের বিদেশে যেতে কোনো খরচ বহন করতে হবে না; পুরো ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
মালয়েশিয়া সরকার জানায়, ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নিয়োগ ব্যবস্থা চালু করা হবে। এর ফলে মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য কমবে, স্বচ্ছতা বাড়বে এবং শ্রমিকদের আর্থিক ভোগান্তি কমবে।
বাংলাদেশ এই ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানিয়েছে। পাশাপাশি উভয় দেশ শ্রমিক শোষণ বন্ধে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা খাতে সহযোগিতা, শিক্ষক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। দুই দেশই পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।