নিজস্ব প্রতিবেদক : অদ্য ০৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা আনুমানিক ৬টা ২৬ মিনিটে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার বামনারটেক বস্তিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও মুহূর্তের মধ্যে তা বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যান।
আগুন নিয়ন্ত্রণে আনতে উত্তরা ফায়ার স্টেশনের ২টি এবং টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে। তাদের নিরলস প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বস্তির বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।