নিজস্ব প্রতিবেদক : সব ধর্মের মানুষকে সমানভাবে দেখার নীতি অনুসরণ করছে সরকার—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। ফেডারেশন অব প্রটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়।
প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, দেশটা সবার। আমরা সবাইকে সমানভাবে ভালোবাসি। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও দাবি করেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়ে জয়ী করেছে, যা অতীতের ধারণাকে ভুল প্রমাণ করেছে।
বিগত সরকারের সময় দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতের দুর্বল অবস্থার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি ছিল অনেকটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো। পাশাপাশি ইসরায়েল-ইরান যুদ্ধকে কেন্দ্র করে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও জানান তিনি।
অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ্রিস্টেফার এম. অধিকারী। তারা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের প্রশংসা করেন।
এ সময় খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব এবং ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়।
প্রধানমন্ত্রী এসব দাবি বিবেচনার আশ্বাস দেন। শেষে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়।