বিশ্বের দীর্ঘতম নারী সরকার প্রধান শেখ হাসিনা। ইসলামপন্থী ও হস্তক্ষেপকারী শাসন দমন করার কৃতিত্ব তার। মার্গারেট থ্যাচার বা ইন্দিরা গান্ধীর চেয়েও বেশি নির্বাচনে জয়লাভের পর শেখ হাসিনা আগামী জানুয়ারিতে ব্যালট বাক্সে নির্বাচনের মাধ্যমে মেয়াদ বাড়াতে বদ্ধপরিকর।
বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।ম্যাগাজিনটির প্রচ্ছদে প্রধানমন্ত্রীর ছবিও ছাপা হয়েছে। প্রতিবেদনটির নাম ‘শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’। প্রতিবেদনে শেখ হাসিনার অর্থনৈতিক সাফল্য প্রশংসনীয় বলে উল্লেখ করেছে টাইম ম্যাগাজিন।
গোত কয়েক বছর ধরে শেখ হাসিনা যে ১৯টি হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছেন। সাম্প্রতিক সময়গুলোতে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থকরা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। পুলিশের গাড়ি এবং বাসে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন নিহত হয়েছেন। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে ২০১৪ ও ২০১৮ সালের মতো এবারও নির্বাচন বর্জনের অঙ্গীকার করেছে বিএনপি।
সমালোচকদের মতে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশ কর্তৃত্ববাদী শাসনের দিকে মোড় নিয়েছে। অন্যদিকে, দেশটির দু’বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাবন্দী। তিনি গুরুতর অসুস্থ। আর বিএনপি নেতাকর্মীরাও অনেক মামলার আসামি। এসব ঘটনাকে অনেকেই ‘হয়রানি’ হিসেবে অভিযোগ করেন।সমালোচকরা বলছেন, এ অবস্থায় আসন্ন জানুয়ারি মাসের নির্বাচন শেখ হাসিনার জয়কে ত্বরান্বিত করবে। সর্বশেষ গত দু’টি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
প্রতিবেদনে আরও বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সদস্যের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবদান সবচেয়ে বেশি। দেশটি নিয়মিতভাবে ইন্দো মার্কিন-প্যাসিফিক কমান্ডের সাথে অনুশীলনে যোগ দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় উৎস। এমনকি বাংলাদেশি পণ্য রপ্তানির শীর্ষ দেশও আমেরিকা। ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের নিন্দা জানানো উন্নয়নশীল বিশ্বের কয়েকজন নেতাদের একজন শেখ হাসিনা, যিনি নিজেকে পশ্চিমাদের জন্য দরকারি প্রমাণ করেছেন। প্রতিবেশী মিয়ানমার থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রয়ও দিয়েছেন তিনি।