নিজস্ব প্রতিবেদক : আজ ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সরকার সেলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে চাঁদাবাজি ও সন্ত্রাস দমন, বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “দাউদকান্দিকে অপরাধমুক্ত, নিরাপদ ও বিনিয়োগবান্ধব এলাকায় পরিণত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা সামাজিক অবক্ষয় বরদাস্ত করা হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, জনসম্পৃক্ততা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে একটি শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।
সভা শেষে ড. মারুফ হোসেনের পক্ষ থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুশাসিত ও মানবিক দাউদকান্দি গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।