নিজস্ব প্রতিবেদক ,ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬:
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশন-এও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন—
মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ)
মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর)
নজরুল ইসলাম মঞ্জু (খুলনা)
আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট)
মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ)
মো. শওকত হোসেন সরকার (গাজীপুর)
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনে তাদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।