বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে এককভাবে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র ও অন্তর্বর্তী সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো শপথ
রীতি ভেঙে এবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান। দেশের ইতিহাসে এই প্রথম সংসদ প্রাঙ্গণে মন্ত্রিসভার শপথগ্রহণের আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিতব্য নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে—
চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
সংশ্লিষ্টরা জানান, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই কূটনৈতিক আমন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকালেই এমপিদের শপথ
একই দিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা জোরদার, কূটনৈতিক তৎপরতা অব্যাহত
শপথ অনুষ্ঠান ঘিরে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। রাজধানীতে নিরাপত্তা জোরদারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলো ইতোমধ্যে সমন্বয় সভা শুরু করেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করে বিএনপি নেতৃত্বাধীন জোট। ফল ঘোষণার পরপরই সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়।
নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে বিএনপি নেতৃত্বাধীন সরকার। শপথগ্রহণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে; নতুন মন্ত্রিসভা দায়িত্ব নিলেই স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।