নিজস্ব প্রতিবেদক : দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি বিশেষ দল এখনো নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ১৭ বছরে এই অঞ্চলের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে কেটে নেওয়ার যে সংস্কৃতি চালু ছিল, তা জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। তিনি বলেন, এখন সময় এসেছে জনগণের নিজস্ব ভোট নিজে দেওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে মেঘনা–দাউদকান্দি অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার, বিএনপি নেতা মিজানুর রহমান, মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজারুল হক শাহীন, মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সালাউদ্দিন সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়—এটি ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই। তাই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তারা।