নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের বারপাড়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পথসভা রূপ নেয় জনসমর্থনের শক্তিশালী রাজনৈতিক প্রদর্শনীতে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমি তিনবার মন্ত্রী থাকাকালে বারপাড়া ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আবারও নির্বাচিত হলে দাউদকান্দি উপজেলাকে জেলা হিসেবে রূপান্তরিত করব—এ আমার দৃঢ় অঙ্গীকার।”
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দাউদকান্দি–মেঘনার মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “বারপাড়া ইউনিয়নের মানুষ বারবার আমার বাবাকে নির্বাচিত করে যে আস্থা রেখেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও সেই আস্থা পুনর্ব্যক্ত করবেন বলে আমি বিশ্বাস করি। নির্বাচিত হলে বারপাড়া ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করা হবে।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক শফর তালুকদার, পিজি হাসপাতালের চিকিৎসক বদরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মাহমুদ, বারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. সেলিম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, ভিপি সাহাবুদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল এমরান, বারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান মাস্টার, সাবেক চেয়ারম্যান এ আর মাহবুবুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভা শেষে নেতাকর্মীরা বলেন, বারপাড়া ইউনিয়নে বিএনপির গণভিত্তি আরও সুসংহত হয়েছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সময়ের ব্যাপার মাত্র।