নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা–০১ (দাউদকান্দি–মেঘনা) আসনে নির্বাচনী প্রচারণার ১২তম দিনে বিএনপির পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দাউদকান্দি উপজেলার জুরানপুর ও বারার চর গ্রামে এ গণসংযোগে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গ্রামজুড়ে ধানের শীষের পক্ষে যে উচ্ছ্বাস ও সাড়া দেখা গেছে, তা নির্বাচনী মাঠে বিএনপির অবস্থানকে আরও শক্ত করেছে।
গণসংযোগে নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক আহাম্মদ হোসেন তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্সী রেনু, বিএনপি নেতা হারুন বেপারী, যুবদল নেতা মুকুল শিকদার, ছাত্রদল নেতা মহাসিন ভূঁইয়া, বিএনপি নেতা আক্তার শিকদার ও ফারুক, যুবদল নেতা খোকন সিকদার, বিএনপি নেতা দুলাল শিকদার, গোয়ালমারী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন প্রদান, সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার, সুমন সিকদার, মাহাবুব আলম সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
গণসংযোগকালে আহাম্মদ হোসেন তালুকদার বলেন, “ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রথম গণসংযোগ থেকেই এলাকায় পরিবর্তনের হাওয়া বইছে। আওয়ামী লীগের সাবেক এমপি সুবেদ আলী ভূঁইয়া, তার দুই ভাইসহ ভূঁইয়া পরিবারের সদস্যরা এবং গ্রামের সর্বস্তরের মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন। এটি শুধু দলবদল নয়, এটি জনগণের মনোভাবের স্পষ্ট বহিঃপ্রকাশ। জুরানপুরে শতভাগ ভোট ধানের শীষের পক্ষে যাবে—এটা এখন নিশ্চিত।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ উন্নয়ন ও গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল। এবার ভোটের মাধ্যমে তারা সেই বঞ্চনার জবাব দিতে প্রস্তুত। জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্সী রেনু বলেন, “ভোটের দিন ফজরের নামাজের পর মানুষ ভোটকেন্দ্রে যাবে। ভোট দিয়ে ভাসায় ফিরে নাস্তা করবে—এটাই জনগণের প্রস্তুতি। মানুষের মনে কোনো দ্বিধা নেই। তারা পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র প্রতীক ধানের শীষ।”
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বছরগুলোতে উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের অভাবে তারা হতাশ। তাদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হবে। গণসংযোগে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের খোলামেলা সংলাপ ও আন্তরিক উপস্থিতি সেই প্রত্যাশাকে আরও দৃঢ় করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা–০১ আসনে বিএনপির ধারাবাহিক গণসংযোগ ও মাঠপর্যায়ের সক্রিয়তা ভোটের রাজনীতিতে নতুন গতি এনেছে। জুরানপুর ও বারার চর এলাকায় যে জনসমর্থনের চিত্র দেখা গেছে, তা নির্বাচনের দিন ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিএনপির নির্বাচনী শিবিরে তাই বাড়ছে আত্মবিশ্বাস ও আশাবাদ।