নিজস্ব প্রতিবেদক : সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ধরনের চাকরিতে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
নতুন আইনের ফলে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারসহ সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এছাড়া যেসব স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে আগে বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেখানেও এখন থেকে ৩২ বছর প্রযোজ্য হবে।
তবে যেসব পদে আগে থেকেই ৩২ বছরের বেশি (যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর) বয়সসীমা নির্ধারিত আছে, সেগুলো অপরিবর্তিত থাকবে। ফলে নতুন আইনের কারণে কারও সুযোগ কমছে না। একইসঙ্গে প্রতিরক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগ তাদের নিজস্ব বিধিমালা অনুযায়ীই চলবে।
বিলের উদ্দেশ্য হিসেবে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো রহিত করে স্থায়ী আইনি কাঠামো গড়তেই এই বিল আনা হয়েছে বলে জানা গেছে।