বঙ্গনিউজবিডি ডেস্ক: আমার বাবা তার সারাটা জীবন একটা লক্ষ্য নিয়েই কাজ করেছেন, সেটা হলো- দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা। তিনি এবং তার গ্রামীণ ব্যাংকের সহকর্মীদের মধ্যে তিনজনকে এমন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে যেটা আসলে কোনো অভিযোগই নয়। তাদের বিরুদ্ধে সিভিল মামলা হওয়ার কথা থাকলেও ফৌজদারি অপরাধে সাজা দেয়া হয়েছে। আমার বাবা এবং তার সহকর্মীরা একেবারেই নির্দোষ।
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কন্যা, স্বনামধন্য মার্কিন অপেরা শিল্পী মনিকা ইউনূস এমন মন্তব্য করেছেন। তার পিতা (রবিবার) শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলার রায় চ্যালেঞ্জ করে আপিল করার প্রাক্কালে বৃটিশ চ্যানেল ফোর নিউজ এর ইউরোপ বিষয়ক সম্পাদক, বিখ্যাত সাংবাদিক ম্যাট ফ্রেইকে দেওয়া সাক্ষাৎকারে মনিকা এসব কথা বলেন।
ইংরেজিতে নেওয়া সাক্ষাৎকারটি বাংলায় অনুবাদ করা হলোঃ
ম্যাট ফ্রেই: তাহলে আপনি বলতে চাচ্ছেন- তিনি এমন কোনো অপরাধ করেন নি, যা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে…
মনিকা ইউনূস: না, না।
ম্যাট ফ্রেই: বাংলাদেশে সম্প্রতি (০৭ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে শেখ হাসিনার দল আওয়ামী লীগ জয়লাভ করেছে। তিনি দীর্ঘদিন ধরে দেশ শাসন করছেন। আমার মনে হয়, পৃথিবীতেই সবচেয়ে দীর্ঘ সময় ধরে।
মনিকা ইউনূস: আমার মনে হয়, এটা নোট করা গুরুত্বপূর্ণ যে, অন্যান্য রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বয়কট করেছে। সুতরাং, এই প্রশ্ন আসে যে সেখানে গণতন্ত্রের অবস্থাটা কি?
ম্যাট ফ্রেই: দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা একজন আপনার বাবাকে কি রাজনৈতিক হুমকি বলে মনে করেন?
মনিকা ইউনূস: তিনিতো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন! তিনি একজন বেসরকারি নাগরিক যিনি আন্তর্জাতিকভাবে, সারা দুনিয়াজুড়ে পুরস্কৃত হয়েছেন।
ম্যাট ফ্রেই: তিনি কি কোনো রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন?
মনিকা ইউনূস: একটা সময়ে চেয়েছিলেন। পরে তিনি মত পরিবর্তন করেন।
ম্যাট ফ্রেই: কেন তিনি তা করলেন?
মনিকা ইউনূস: তিনি ভেবেছিলেন রাজনীতি তার জন্য নয়। তিনি মনে করেন, গ্রামীণ এবং নোবেল পাওয়ার পর তিনি যে কাজগুলো করেছেন সেগুলো দিয়ে আরও বেশি কিছু করা সম্ভব।