নিজস্ব প্রতিবেদক : বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য, নিরাপদ ও মানবিক শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে শিশু-কিশোর ও তরুণরা সুস্থ বিনোদনের সুযোগ পায়।
রোববার বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এটি একটি পথসভা—মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় বক্তব্য দীর্ঘ করবেন না।
ঢাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এমন একটি ঢাকা গড়ে তুলতে চান যেখানে মা-বোনেরা দিন-রাত যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন এবং ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে পরিচালনা করা যাবে। তাঁর ভাষায়, নিরাপত্তা ছাড়া উন্নয়ন টেকসই হতে পারে না।
নগর অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ইসিবি চত্বর থেকে উত্তরা জসিম উদ্দিন চত্বর পর্যন্ত সড়ক প্রশস্ত করার অঙ্গীকারও করেন তিনি। এ উদ্যোগ রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারেক রহমান।
বক্তব্যের শেষাংশে তিনি ভোটারদের উদ্দেশে বিনীত আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য তিনি আবারও অনুরোধ জানাচ্ছেন।
নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের এই বক্তব্যকে রাজধানীকেন্দ্রিক উন্নয়ন ভাবনার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।