বরিশাল প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের জামিনের প্রতিবাদে বরিশালে দুটি আদালতের বিচারিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী নেতারা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এ বিচারিক কার্যক্রম বর্জন করেন।
বর্জন কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপিপন্থী আইনজীবী নেতা হাফেজ উদ্দিন আহমেদ খান বাবলু। তিনি অভিযোগ করেন, অজামিনযোগ্য ধারায় দায়ের করা মামলায় এভাবে জামিন দেওয়ার সুযোগ নেই। তিনি দাবি করেন, মামলার বাদীপক্ষের আইনজীবী হওয়া সত্ত্বেও তার অনুপস্থিতিতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং তাকে অংশ নিতে দেওয়া হয়নি। শুনানিতে রাষ্ট্রপক্ষের তিনজন ও আসামিপক্ষের তিনজন আইনজীবী উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “এভাবে একের পর এক জামিন দিলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। অজামিনযোগ্য ধারায় আসামিরা জামিনে মুক্ত হয়ে পরিস্থিতির অবনতি ঘটালে তার দায় সরকারের ওপর বর্তাবে।”
আদালত সূত্রে জানা গেছে, সোমবার আত্মসমর্পণের পর একটি মামলায় তালুকদার মো. ইউনুস জামিন পান। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়তউল্লাহ তার জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ৫ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল সদর রোড এলাকায় বিএনপির একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।
ঘটনার প্রায় সাত বছর পর, ২০২৪ সালের ১১ নভেম্বর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ছরোয়ার হোসেন। বরিশাল মহানগর বিচারিক হাকিম আদালতে দায়ের করা ওই মামলায় একাধিক প্রভাবশালী নেতার নাম উল্লেখ করা হয়েছে।
মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ-কে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, তালুকদার মো. ইউনুস, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার এবং সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দুই ভাই মইনউদ্দীন আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহ।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওবায়দুল্লাহ সাজু বলেন, মামলার আরেক আসামি অ্যাডভোকেট বলরাম পোদ্দার আগেই জামিনে ছিলেন। তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে এ মামলায় সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আইনি ব্যাখ্যা উপস্থাপনের পর আদালত জামিন মঞ্জুর করেছেন।
তিনি আরও জানান, ইউনুসের বিরুদ্ধে থাকা আরেকটি মামলা বর্তমানে পুলিশ তদন্ত করছে এবং ওই মামলায় অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত তাকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সংসদ সদস্য থাকাকালে তিনি নিয়মিত আইন পেশায় যুক্ত ছিলেন। গত ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি আত্মগোপনে যান এবং ওই সময় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের