নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও তার প্রার্থিতা টেকেনি। ঋণখেলাপির দায়ে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ হয়ে গেল তার।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কড়া ভাষায় তিনি বলেন,
“এটি ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা। নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব।”
উল্লেখ্য, বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র প্রাথমিক যাচাইয়ে বৈধ ঘোষণা করা হলেও, তার বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন হাসনাত আবদুল্লাহ।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি সেই আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এরপর ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল মুন্সী। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট খারিজ করে দেন। সর্বশেষ আপিল বিভাগের দ্বারস্থ হলেও রোববার তার লিভ টু আপিলও খারিজ হওয়ায় প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পেল।
এই রায়ের মাধ্যমে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।