নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিতে উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি পৃথকভাবে ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-এর বাসভবনে সাক্ষাৎ করতে যাচ্ছেন বলে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা যায়, ১১ দলীয় জোটের শরিকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই এ সফরের মূল লক্ষ্য। বিষয়টিকে ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে দেখছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
রোববার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, প্রতিহিংসার পুরনো রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির নতুন ধারা জরুরি। এ উদ্যোগ নেওয়ায় তারেক রহমানকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হন সারজিস আলম।