সিলেট বিশেষ প্রতিনিধি : সিলেট বিভাগের কুলাউড়া ও হবিগঞ্জে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার পর শনিবার (আজ) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জেলা ও মহানগর জামায়াত আয়োজিত এই সমাবেশে প্রতিপক্ষ দলের অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, “আধুনিক বিশ্বে মিসাইল নিক্ষেপ করলে এন্টি-মিসাইল খেতে হয়। আমি আমার মা-বোনদের ইজ্জতের পক্ষে দাঁড়ালাম, আর তারা সেটাকেই প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।”
বিকেল সাড়ে ৩টার দিকে মঞ্চে উঠে জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে উপস্থিত জনতার সামনে তুলে ধরেন। বক্তব্যের শুরুতে সিলেটী ভাষায় তিনি বলেন, “আপনারা ভালা আছইন নি। অনেকদিন পর সিলটী ভাষায় মাতরাম।”
ডা. শফিকুর রহমান বলেন, তিনি জামায়াতের একক বিজয় চান না, চান দেশের ১৮ কোটি মানুষের বিজয়। দীর্ঘদিন যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মুক্তির কথাই জামায়াত বলে আসছে উল্লেখ করে তিনি বলেন, “৫ আগস্টের পর আমরা নিরপরাধ কারও বিরুদ্ধে মামলা করিনি। আমাদের বিরুদ্ধে আগে লাখ লাখ মামলা হয়েছে। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না—কর্মীরাও সেই কথা রেখেছে।”
ক্ষমতায় গেলে সিলেটের ন্যায্য হিস্যা আদায় করা হবে জানিয়ে জামায়াত আমির বলেন, সিলেটবাসী যেসব ক্ষেত্রে বঞ্চিত, সেগুলো অগ্রাধিকার পাবে। প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার না হওয়া এবং নদী দখলের বিষয়েও তিনি সমালোচনা করেন।
তিনি বলেন, “চাঁদাবাজির পথ বন্ধ হলে দেশ রোল মডেল হবে। আমাদের একবার সুযোগ দিন—৫ বছরে দেশ বদলে দেব।”
বক্তব্যে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করা এবং প্রবাসে কোনো রেমিট্যান্স যোদ্ধা মারা গেলে রাষ্ট্রীয় দায়িত্বে তার লাশ দেশে আনার প্রতিশ্রুতি দেন তিনি। প্রবাসীদের ভোটার করা নিয়ে দ্বিমত থাকলেও জামায়াতের দাবির প্রেক্ষিতেই তারা ভোটার হয়েছেন বলেও দাবি করেন ডা. শফিকুর রহমান।
সমাবেশে সিলেটের তিনটি আসনে দাঁড়িপাল্লা, তিনটি আসনে দেওয়াল ঘড়ি ও রিকশা প্রতীকের এবং সুনামগঞ্জের তিনটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। এ সময় তিনি প্রার্থীদের প্রতীকের পক্ষে স্লোগান দেন। তবে সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী শিশির মনির সমাবেশে উপস্থিত ছিলেন না।
এর আগে শনিবার সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে এবং দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির।
সিলেটের সমাবেশে মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলীর সঞ্চালনায় বক্তব্য দেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, খেলাফত মজলিসের নায়েবে আমির রেজাউল করিম জালালী, সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিনসহ জোট ও সহযোগী সংগঠনের নেতারা।